শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ০৩:২২ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের কৃষ্টি-কালচার ও সংস্কৃতি লালন-পালন ও ধারণ করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। দায়িত্ব নিয়ে আমাদের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। কারণ যারা বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত, তারাও আমাদের সংস্কৃতির একটি অংশ।
তিনি বলেন, গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। এমনকি বাউল গানের সঙ্গে সম্পৃক্তদের হেনস্তা করে জেলে দেওয়া হয়েছে। এ নিয়ে কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছে কি না জানি না। তবে আমি সংখ্যা ধরে ধরে প্রতিটি মাজার ভাঙার প্রতিবাদ করেছি।
এ সময় তিনি আরও বলেন, ঈদুল ফিতরের একদিন পরেও সিলেটে এ ধরনের বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে।
শেষে রুমিন ফারহানা বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।
অনুষ্ঠানের আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।
আরটিভি/এসকে