শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ০৪:৩৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাফি মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফি মিয়া শিমরাইল গ্রামের মধ্য পাড়ার প্রবাসী সোহাগ মিয়ার ছেলে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, রাফি মিয়া ঈদের পরদিন মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে তার মা ঘরে ঘুমিয়ে থাকাকালে রাফি বাইরে খেলছিল। এ সময় পাশের একটি নির্মাণাধীন বাড়িতে বিদ্যুতের কাজ চলছিল। বাড়ির সামনে রাখা রডের স্তুপে খেলতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয়দের ধারণা, বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর টিনের ঘরের বেড়া বিদ্যুতায়িত হয়ে মাটি ও রডের স্তুপে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলার খাড়েরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সুভাস চন্দ্র দাস বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে তাদের কোনো কর্মী সেখানে কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা হবে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমআই