images

দেশজুড়ে

প্রটোকল ভেঙে মরদেহ দাফন, প্রশংসায় ভাসছেন তথ্য প্রতিমন্ত্রী

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১১:০০ পিএম

রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে নিজেই কবরে নেমে দাফন কাজে অংশ নিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিমন্ত্রীর এই মানবিক কাজের ছবি ও সংবাদ ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসায় ভাসছেন তিনি। 

শুক্রবার (২৭ মার্চ) উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। ফেরার পথে হঠাৎ তাঁর নজরে আসে সড়কের পাশেই একটি কবরস্থানে এক ব্যক্তির মরদেহ দাফন করা হচ্ছে। বিষয়টি দেখার সাথে সাথেই তিনি তাঁর গাড়ি বহর থামিয়ে মানবিক কাজে অংশ নেন।

আরও পড়ুন
Feni002777

ফেনীতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ২০

প্রত্যক্ষদর্শী নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির জানান, সরকারি প্রটোকল উপেক্ষা করে গাড়ি থেকে নেমে সোজা কবরস্থানে চলে যান প্রতিমন্ত্রী। কোনো দ্বিধা বা সংকোচ না করে তিনি নিজেই কবরে নেমে পড়েন এবং মরদেহ খাটিয়া থেকে নামিয়ে কবরে শায়িত করার কাজে সরাসরি শরিক হন। একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে অংশ নিতে দেখে আমরা অভিভূত হই।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, একজন প্রতিমন্ত্রী এভাবে সাধারণ মানুষের লাশের খাটিয়া ধরবেন এবং কবরে নেমে দাফন করবেন, এটা কল্পনাও করা যায় না। তাঁর এই সাদামাটা জীবন আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।

জাহাঙ্গীরপুর ইউনিয়নের সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা বলছেন, পদের অহংকার ভুলে মাটির মানুষের কাছে ফিরে আসার এই দৃশ্য বর্তমান সময়ে এক বিরল দৃষ্টান্ত। একজন জনপ্রতিনিধির এমন মানবিক আচরণ সমাজের অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সাথে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। এরপর তিনি পুনরায় তাঁর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

আরটিভি/এমআই