images

দেশজুড়ে

বাড়ির উঠানে গাছে ঝুলছিল আরিফের মরদেহ, অতঃপর...

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ০৩:৪৬ পিএম

মাদারীপুরের রাজৈর উপজেলার একটি বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলন্ত অবস্থায় এক মাইক্রোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন, ওই এলাকার মৃত সাহেব আলী শেখের বড় ছেলে আরিফ শেখ (৩০)। তিনি পেশায় একজন মাইক্রোচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ শেখ সম্প্রতি তার প্রথম স্ত্রী লাকী বেগমকে না জানিয়ে কনা আক্তার নামে আরেক নারীকে বিয়ে করেন। এ ঘটনায় তাদের পরিবারে কলহের সৃষ্টি হয়। পরে প্রথম স্ত্রী লাকী বেগম সংসার ছেড়ে চলে যান।

আরিফ ও লাকী বেগমের ঘরে আরাফাত শেখ নামে ১০ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। শিশুটিকে কার কাছে রাখা হবে এ বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ চলছিল বলে জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।

এদিকে শনিবার সকালে বাড়ির উঠানের একটি গাছের মগডালে আরিফের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে রাজৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কুতুবউদ্দিন জানান, মাইক্রোচালক আরিফ শেখের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরটিভি/এসকে