images

দেশজুড়ে

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লেন পুলিশ সদস্য

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ০৫:১৬ পিএম

পাবনার চাটমোহরে চলন্ত ট্রেন থেকে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন সোহেল রানা (৪০) নামের রেলওয়ে পুলিশের এক সদস্য। পরে গুরুতর আহতা অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য দিনাজপুরের বিরল উপজেলার নেরাবাড়ী গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিং জনিত কারণে মূলাডুলি স্টেশনে দাঁড়ায়। প্রচুর ভিড় থাকায় ওই ট্রেনে কর্মরত সোহেল রানাসহ আরেক পুলিশ সদস্য এবং একজন টিটি স্টেশনে নেমে পায়চারি করছিলেন। হঠাৎ সিগন্যাল পেয়ে ট্রেনটি ছেড়ে দিলে অন্য দুইজন কোনোমতে উঠতে পারলেও পুলিশ সদস্য সোহেল রানা ট্রেনে উঠতে পারেননি। পরে তিনি ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রায় ৪০ কিলোমিটার আসার পর চাটমোহর স্টেশনে ট্রেনটি অতিক্রম করার সময় রেললাইনের পাশে পড়ে যান ওই পুলিশ সদস্য। অল্পের জন্য তিনি ট্রেনের চাকার নিচে পড়েননি। এতে তিনি মাথা, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। 

আরও পড়ুন
Rab_028

র‌্যাব সদস্য হত্যা মামলায় ২০ জন গ্রেপ্তার

চাটমোহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ সময় ট্রেনের হ্যান্ডল ধরে ঝুলে আসার পর চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ওই পুলিশ ট্রেনেই কর্মরত ছিলেন। ট্রেন থেকে পড়ে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে তাকে নিয়ে যান।

আরটিভি/এমএ