সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ০৪:৪৪ পিএম
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘ছোট সুমন’ বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (৩০ মার্চ) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ১টি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ওয়াকিটকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ আরও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভাব হয়নি। জব্দ করা মালামালের পরবর্তী আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে