images

দেশজুড়ে

ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় মসজিদের খাদেম নিহত

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০২:১১ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় মন্টু মিয়া (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে মঙ্গলবার(৩১মার্চ) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মন্টু মিয়া ভাঙ্গুড়া পৌর শহরের কলেজপাড়া মহল্লার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে এশার নামাজ আদায় শেষে মন্টু মিয়া মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে কলেজপাড়া মোড়ে একটি ট্রাক সড়কের ওপর পেছনের দিকে ঘোরানোর চেষ্টা করলে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

এ সময় স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে মঙ্গলবার ভোর ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। রাতেই দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানার হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে