images

দেশজুড়ে

প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদে বৃদ্ধকে হত্যা

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৭:২৪ পিএম

মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে এক বৃদ্ধকে পিটিয়ে ও থাপ্পড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আরেকজন পলাতক রয়েছেন।

সোমবার (৩০ মার্চ) রাত ৩টার দিকে লৌহজং উপজেলার কলমা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নিয়াশা চন্দ্র দাস (৫৭) কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী অসিম দাসের স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অভিযোগ তুলে তার দেবর মহাদেব সোমবার রাতে নিয়াশা চন্দ্র দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। রাত আনুমানিক ৩টার দিকে তাকে দাসপাড়া হরি সভা মন্দিরের সামনে নিয়ে আসা হয়। এ সময় মহাদেবের সহযোগী মাহবুব তাকে থাপ্পড় দিলে তিনি পাকা সড়কে লুটিয়ে পড়েন। এতে তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকাবাসী মহাদেবকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে অভিযুক্ত মাহবুব পলাতক রয়েছেন বলে জানা গেছে।

নিহতের বড় মেয়ে উর্মিলা মন্ডল বলেন, আমার বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। আমার বাবা মাছ ধরে সংসার চালাতেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসি চাই।

আরও পড়ুন
Web-Image---Copy

অনুমতি ছাড়াই শুরু ‘সোলেমান লেংটার মেলা’, বসছে গাঁজার দোকান

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ধীরেন দাস জানান, নিয়াশাকে ধরে আনার পর মাহবুব তাকে থাপ্পড় দিলে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়। পরে হাসপাতালে নেওয়া হলে সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে প্রবাসী অসিম দাসের স্ত্রী পূজা দাস বলেন, আমার দেবর মহাদেব অনেকদিন ধরে আমাকে বিরক্ত করত। আমার সম্মানহানি করতে মিথ্যা অপবাদ দেওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। নিহত ব্যক্তি একজন বয়স্ক মানুষ, তিনি আমাদের বাড়ির আশপাশেও আসেননি।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মহাদেব নামে একজনকে আটক করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে