বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০২:৪৫ পিএম
পাঁচ বছরে বাংলাদেশ সরকারের ২৫ কোটি চারা রোপণের লক্ষ্য সামনে রেখে রাঙামাটিতে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আগামী পাঁচ বছর ৪১ হাজার চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। যার মধ্যে চলতি বছর এক হাজার চারা রোপণ করা হবে।
বুধবার (১ এপ্রিল) সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাপছড়ি যৌথ খামার এলাকায় বৃক্ষরোপণের কার্যক্রম উদ্বোধন শেষে এই কথা জানান রাঙামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল।
তিনি বলেন, এ বছর আমরা এক হাজার চারা রোপণ করব। আগামী বছর থেকে পরবর্তী চার বছর ১০ হাজার করে আরও ৪০ হাজার চারা রোপণ করা হবে। শুধুমাত্র রোপণের মধ্যে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। চারাগুলো আগামী দুই বছর রক্ষণাবেক্ষণও করা হবে। ফলদ, বনজ এবং শ্রীবৃদ্ধি করবে এ ধরনের চারা রোপণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপবিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, উপবিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরটিভি/এমএইচজে