images

দেশজুড়ে

কুমিল্লায় হোটেলের জরাজীর্ণ দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ০৩:৩৫ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি খাবার হোটেলের জরাজীর্ণ দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাগুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ওই হোটেলের মালিক মিজানুর রহমানের শ্বশুর বলে জানা গেছে।

আরও পড়ুন
Web-Image

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালেই জামাতার হোটেলে যান আব্দুস সামাদ। এ সময় তিনি হোটেলের ক্যাশ টেবিলে বসা ছিলেন। হঠাৎ করেই হোটেলের একটি জরাজীর্ণ দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নামেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বল দেয়াল ধসে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরটিভি/এমএম