বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ০৫:২৭ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জেরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় এদিন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে।
আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এমএম