images

দেশজুড়ে

মেহেরপুরে ট্যাঙ্কলরি বোঝাই সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ 

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০২:৪৪ পিএম

মেহেরপুরে ট্যাঙ্কলরি থেকে অবৈধভাবে তেল বিক্রির সময় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। গেল রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী সাহেবনগর গ্রামে এ অভিযান চালায় পুলিশ। 

শুক্রবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন গাংনী থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল করিম।

তিনি জানান, খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে একটি ট্যাঙ্কলরি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামে যাওয়ার কথা ছিল। গন্তব্যে না গিয়ে গত রাতে সেটি গাংনী উপজেলার সাহেবনগর বাজারে যায়। সেখানে রিপন নামের একজন সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে ট্যাঙ্কলরি থেকে ব্যারেলে তেল আনলোড করা হচ্ছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু চালক তেল বিক্রির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এসময় পুলিশ সদস্যরা তেল বোঝাই লরিটি জব্দ করে থানা হেফাজতে নেয়। 

কাগজপত্র যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন ঘটনাস্থলে উপপরিদর্শক আব্দুল করিম।  

আরটিভি/এমএম