images

দেশজুড়ে

হাফেজ হওয়ার স্বপ্ন পূরণ হলো না আব্দুল্লাহর

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৪:৫৩ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে তুলশীগঙ্গা নদী থেকে আব্দুল্লাহ (১২) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার রাজকান্দা-ঠেংগাপুর গ্রামের তুলশীগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।  এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নামা ওই শিক্ষার্থী ‘ভালোভাবে সাঁতার না জেনে’ নদী পারাপারের চেষ্টার করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের ফারুক আহম্মেদের ছেলে এবং রাজকান্দা-ঠেংগাপুর কওমি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

আরও পড়ুন
Web-Image---Copy

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ওভারব্রিজে ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ৩

জানা গেছে, সকাল ১০টার দিকে ৪-৫ জন সহপাঠীর সঙ্গে মাদরাসার সামনে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নামে আব্দুলাহ। একপর্যায়ে সে নদীর এপার-ওপার সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি চালায়। দীর্ঘ সময় খুঁজেও তাকে না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে আক্কেলপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর নদীর গভীর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। এ সময় দ্রুত তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদরাসার শিক্ষক হাফেজ গোলাম রাব্বী জানান, তারা সবাই নদীতে গোসল করতে গিয়েছিল। সাঁতার ভালোভাবে না জানায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ ১৮ পারা কোরআনের হাফেজ ছিল।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএইচজে