শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৮:০৬ পিএম
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ১৫টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে ‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সহিদউল্লাহ (জামায়াত) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহাবুবুল হক খন্দকার (বিএনপি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত ‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল ছাড়াও বিএনপি সমর্থিত ‘ইউসুফ-তৌফিক’ প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত ‘ফারুক-জামান’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচনে ‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ থেকে ১৩ জন প্রার্থী জয়লাভ করেন। এর মধ্যে বিএনপি ৮টি এবং জামায়াত ৫টি পদে জয়লাভ করে।
অন্যদিকে ‘ইউসুফ-তৌফিক’ প্যানেলের কেউই জয়ী হতে পারেননি। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক ও আইটি সম্পাদক এই দুটি পদে প্রার্থীরা জয় পান।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৮৭ জন। এর মধ্যে ১ হাজার ২৫৩ জন ভোট দেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতভর গণনা করে পরদিন ফল ঘোষণা করা হয়।
আরটিভি/এমআই