শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১১:২০ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘর নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে ঘটনা ঘটে।
নিহতরা হলেন খারুয়া বড়াইল গ্রামের শামছুল ইসলামের ছেলে সাকিব মিয়া (১২) এবং রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আব্দুল জব্বার (৬৫)। সাকিব স্থানীয় খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন শামসুল ইসলাম নামে আরও একজন।
বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত আব্দুল জব্বার সম্পর্কে সাকিবের ফুফা হতেন। বিকেলে আব্দুল জব্বার সাকিবদের বাড়িতে ছিলেন। এ সময় নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সাকিব। তাকে বাঁচাতে গিয়ে তার ফুফা আব্দুল জব্বারও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
এমতাবস্থায় পরিবারের লোকজন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।
আরটিভি/এমআই