images

দেশজুড়ে

আইসক্রিম কিনে বাড়ি ফেরা হলো না আরিফুলের

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ১২:০৪ পিএম

ছোট ভাইয়ের জন্য আইসিক্রম কিনতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই আবিদুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল তার ছোট ভাই আবিদুলকে নিয়ে মহাসড়ক পার হয়ে একটি দোকানে আইসক্রিম কিনতে যায়। আইসক্রিম কেনার পর দুই ভাই বাড়ির উদ্দেশে সড়ক পার হচ্ছিলো। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়।

আরও পড়ুন
Web-Image10

শ্বশুরবাড়িতে গাছের ডালে ফাঁস দেওয়ার চেষ্টা, যুবক গ্রেপ্তার

ধাক্কায় আরিফুল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় তার ছোট ভাই আবিদুলকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

নিহত আরিফুল ইসলাম ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রাইভেটকারটিকে আটক করার চেষ্টা করলেও সেটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক প্রাইভেটকারটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এসআর