images

দেশজুড়ে

কুষ্টিয়ায় নিউমোনিয়া আক্রান্ত দুই শিশুর মৃত্যু, হামের নমুনা সংগ্রহ

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ১০:২৯ পিএম

কুষ্টিয়ায় পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়া আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইজা নামের সাড়ে ৫ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়। অন্যদিকে একই দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম নামের ৮ মাসের আরেক শিশুর মৃত্যু হয়েছে।
 
নিহত আইজা শহরের রেনউক মোড়ের মমিনের মেয়ে এবং ইব্রাহিম দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে।  

শনিবার (৪ এপ্রিল) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক এইস এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউমোনিয়া নিয়ে ভর্তির পর গত ৪দিন ধরে আইজা হাসপাতালে চিকিৎসাধীন ছিল।  

আরও পড়ুন
Web-Image

‘জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া না হওয়ার সম্পর্ক নেই’

তিনি বলেন, এ নিয়ে গত দুই দিনে কুষ্টিয়ায় মোট ৩ জন নিউমোনিয়া আক্রান্ত্র শিশুর মৃত্যু হলো। জ্বর সর্দি থাকায় হাম সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার এসব নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এসব নিয়ে আতংক না ছড়ানোর কথাও বলেন তিনি। 

অপরদিকে ইব্রাহিমের মৃত্যুর বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে নিউমোনিয়া নিয়ে ইব্রাহিম হাসপাতালে ভর্তি হয় এবং রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালে ইতোমধ্যে হামের রোগীদের জন্য আলাদা কর্নার করা হয়েছে। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এ সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন ডা. হোসেন ইমাম।

কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, জেলার বিভিন্ন হাসপাতালে ১৩০ জনের মত শিশু হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। বেশিরভাগ শিশু নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছে। এটা এই হাসপাতালের জন্য অনেকটা স্বাভাবিক। আতংকিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। 

পর্যাপ্ত হামের টিকা হাতে পাওয়া মাত্র দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান সিভিল সার্জন কামাল।

আরটিভি/এমএম