রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০৪:৩২ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি মাদরাসা প্রাঙ্গণের পুকুর থেকে মারুফ হাসান (১০) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) সকালে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদরাসা প্রাঙ্গণের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারুফ হাসান ইছাপুরা এলাকার মিনার হোসেনের ছেলে। সে মোস্তফাগঞ্জ মাদরাসার কিতাব বিভাগের চতুর্থ শ্রেণির আবাসিক ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মারুফকে মাদরাসায় ভর্তি করানো হয়। শনিবার দুপুরে শিক্ষার্থীর বাবা মিনার হোসেন ছেলেকে দেখতে ও খাবার দিতে মাদরাসায় গেলে তাকে খুঁজে পাওয়া যায় না। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তায় মাদরাসা ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে মাদরাসার পুকুর পাড়ের নতুন ঘাটলার নিচে মারুফের ভাসমান মরদেহ দেখা যায়।
ওসি এম এ হান্নান বলেন, এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/টিআর/এমএইচজে