সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৩:৩৪ পিএম
শরীয়তপুর পৌরসভার চরপালং এলাকায় সেচ পাম্পের সঙ্গে বোরকা পেঁচিয়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে চরপালং কীর্তিনাশা নদীর পাড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোজিনা বেগম (৩৫) চরপালং এলাকার বাসিন্দা ইব্রাহিম সরদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রোজিনা বেগম স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে নদীর পাড়ে স্থাপিত একটি অরক্ষিত সেচ পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় বাতাসে তার বোরকা পাম্পের ঘূর্ণায়মান যন্ত্রে আটকে যায়। মুহূর্তের মধ্যেই তিনি পাম্পের ভেতরে চলে যান এবং শরীরের ওপরের অংশ মেশিনে আটকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা এই মৃত্যুর পেছনে পাম্প মালিকের চরম গাফিলতিকে দায়ী করছেন। তাদের অভিযোগ, মেশিনটি কোনো প্রকার নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চালানো হচ্ছিল।
দীর্ঘদিন ধরে স্থানীয়রা পাম্পটির চারপাশে বেষ্টনী দেওয়ার দাবি জানালেও মালিকপক্ষ তা গুরুত্ব দেয়নি। সাধারণ মানুষের চলাচলের পথে এমন উন্মুক্ত মেশিন রাখার জন্য বিচার দাবি করেছেন তারা।
ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সেলিম মিয়া জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে মেশিনে পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পালং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবীর হোসেন জানান, পাম্পটি সম্পূর্ণ অরক্ষিত ছিল এবং এতে মালিকপক্ষের স্পষ্ট গাফিলতি পরিলক্ষিত হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমআই