সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ১১:২৫ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের তেল নিতে গিয়ে ট্রাকচাপায় নিহত অন্তরের পর বন্ধু মো. ইব্রাহীম ইমনও (১৯) মারা গেছেন।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে,গত বৃহস্পতিবার ২ এপ্রিল রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েত ভূঁঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিন হাজীর বাড়ির রেজাউল হকের ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। নিহত অন্তর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার-সংলগ্ন মৃধাবাড়ির একরামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন কোম্পানীগঞ্জ থেকে অন্তর ও তার বন্ধু ইমন মোটরসাইকেলের জন্য তেল নিতে ফেনীর একটি পাম্পের উদ্দেশে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহের পর ফেরার পথে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় অজ্ঞাত এক গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে অন্তর সড়কে ছিটকে পড়ে এবং হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা ইমনও গুরুতর আহত হন। দুর্ঘটনার ৪দিন পর সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমনও মারা যায়।
রামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এনায়েত উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, চার ভাই ২ বোনের মধ্যে ইমন সবার ছোট। কিছুদিন পর ইমন পরিবারের হাল ধরতে প্রবাসে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই চিরবিদায় নিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএম