images

দেশজুড়ে

ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা, আলোচনায় স্কুল শিক্ষক

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০১:৪৩ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে তুলে আলোচনায় এসেছেন এক স্কুল শিক্ষক। সৃজনশীল এই উদ্যোগের মাধ্যমে তিনি যেমন কৃষির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, তেমনি নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ারও চেষ্টা করছেন।

জানা গেছে, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর সাদিক চলতি বোরো মৌসুমে নিজের প্রায় ১৭ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করছেন। এর মধ্যে ব্রি ধান-১১৩ জাতের বেগুনি রঙের ধানের চারা ব্যবহার করে তিনি জাতীয় স্মৃতিসৌধের আকৃতি ফুটিয়ে তুলেছেন। দূর থেকেই স্পষ্ট দেখা যায় এই ব্যতিক্রমী নকশা, যা ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে।

এটি অবশ্য জাফর সাদিকের প্রথম সৃজনশীল কৃষি উদ্যোগ নয়। এর আগেও তিনি ধানক্ষেতে জাতীয় ফুল, জাতীয় পতাকা ও বাংলাদেশের মানচিত্রের নকশা তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন। শিক্ষকতা পেশায় থাকলেও কৃষির প্রতি তার রয়েছে গভীর অনুরাগ। নিয়মিত পাঠদানের পাশাপাশি তিনি নিজেই জমিতে চাষাবাদ করেন এবং কৃষিকে দেশপ্রেমের এক অনন্য মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছেন।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু দৃষ্টিনন্দনই নয়, শিক্ষণীয়ও। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিজের এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে জাফর সাদিক বলেন, শিক্ষকতা আমার পেশা ও নেশা। আর দেশপ্রেম আমার বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই কৃষি ক্ষেত্রকে দেশপ্রেম জাগানোর একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছি। বিদ্যালয়ে আমি বইয়ের মাধ্যমে ইতিহাস শেখাই, আর মাঠে মাটির মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করি।

উলিপুর-রাজারহাট সড়কের পাশে অবস্থিত জাফর সাদিকের এই ধানক্ষেত এখন প্রতিদিনই শত শত মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। অনেক পথচারী সেখানে থেমে ছবি তুলছেন, দেখছেন ব্যতিক্রমী এই শিল্পকর্ম এবং স্মরণ করছেন স্বাধীনতার রক্তঝরা ইতিহাস।

জাফর সাদিকের ভাষায়, মানুষের আগ্রহই আমার কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।

এই ব্যতিক্রমী উদ্যোগ প্রমাণ করে, দেশপ্রেম শুধু কথায় নয় সৃজনশীল কর্মের মাধ্যমেও প্রকাশ করা যায়। আর সেই বার্তাই যেন ধানের সবুজ জমিনে নতুন করে লিখে দিচ্ছেন উলিপুরের এই শিক্ষক।

আরটিভি/এসকে