মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৪:০৮ পিএম
মানিকগঞ্জে চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং জালিয়াতির মাধ্যমে অন্যের দোকান দখলদারের বিরুদ্ধে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাবসী।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১২টায় মানিকগঞ্জ সদর উপজেলার বেড়িবাঁধ সুপার মার্কেট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন চেগারঘোনা, ভদ্রকান্দা ও সোনাবাজু বেড়িবাঁধ সংলগ্ন সুপার মার্কেট বণিক সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও জাল কাগজপত্র তৈরি করে বৈধ মালিকদের দোকান দখলের চেষ্টা চালিয়ে আসছে।
অভিযুক্ত হিসেবে তারা ১) সাইফুল ইসলাম, ২) মোস্তাক হোসেন খান (মন্টু খান), ৩) মোঃ ফারুক এবং ৪) ফরিদ হোসেনের নাম উল্লেখ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত গ্রেপ্ততারি পরোয়ানা বাস্তবায়ন এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ সময় তারা বলেন, অবিলম্বে আইনের যথাযথ প্রয়োগ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
স্থানীয় মো. বিপ্লব হোসেন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, আমি দখলের কাজের সঙ্গে জড়িত নই। আমার ছবি ব্যাবহার করে আমার মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ডের জন্য তাদের সর্বোচ্চ শাস্তি চাই।
ভুক্তভোগী আশরাফুল ইসলাম বলেন, আমার মায়ের পেটের ভাই সাইফুল ইসলাম আমাকে আওয়ামীলীগের গুণ্ডা বাহিনী নিয়ে ভয়ভীতি দেখিয়ে আমার দুই শতাংশ জায়গা জালিয়াতি করে দখলে নেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।
মো. আলী বর্দী মিয়া বলেন, আমি কখনো আওয়ামী লীগের রাজনীতি করিনি। তারা আমাকে ভূমিদস্যু আখ্যা দিয়েছে যা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এদের সুষ্ঠু বিচার চাই।
এ সময় উপস্থিত ছিলেন, হাটিপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো বিপ্লব হোসেন, মার্কেট সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আলী বর্দী মিয়া (মাস্টার), সদস্য নিজাম খান, আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, পরান চন্দ্র শীল, মো. নাজিম উদ্দিনসহ এলাকার ভুক্তভোগী লোকজন।
আরটিভি/এমএম