মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৪:৪০ পিএম
দেশের বিভিন্ন অঞ্চলে চলছে জ্বালানি সংকট। আর এর ফলে দেখা যাচ্ছে পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘণ্টা তেলের জন্য অপেক্ষা। এর ব্যতিক্রম দেখা যায়নি জামালপুরেও।
জ্বালানি সংকট জামালপুরে এখন তীব্র আকার ধারণ করেছে। এতে করে কৃষক, যানবাহন ও মোটরসাইকেল চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তেলের সন্ধানে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটে চলছেন কৃষক ও মোটরসাইকেল চালকরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে জেলার ১৭ টি পাম্পের মধ্যে বেশিরভাগ তেলের পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে।
আর যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে সেখানেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তেল না পেয়ে শত শত কর্মজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে।
কৃষকরা ডিজেল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। কয়দিন থেকে তীব্র গরম ও রোদের কারণে ফসলের ক্ষেতে পানি দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। কৃষকরা জানান, চলতি বোরো মওসুমে ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসা কয়েকজন কৃষক জানান, সকাল থেকে পাম্পে বসে আছি কিন্তু তেল পাচ্ছি না।
আর যদিও তেল দেয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম। যা দিয়ে পানি সেচ দেওয়া সম্ভব না। তেলের সংকটের বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান, ডিলার পয়েন্ট থেকে বোরো চাষীদের আগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন থেকে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে যাচাইকৃত বোরো চাষীদের পেট্রোল পাম্প এবং অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে সরকার নির্ধারিত মূল্যে আগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হবে।
আরটিভি/এমআই