images

দেশজুড়ে

বোতলে অকটেন না পেয়ে ট্যাগ কর্মকর্তার হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৫:৪৮ পিএম

খাগড়াছড়িতে বোতলে অকটেন না পাওয়ায় ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তাকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে জেলা সদরের মহাজন পাড়া এলাকায় মেহেরুন্নেছা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত ট্যাগ কর্মকর্তা হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুন্নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে জ্বালানি তেল বিতরণ শুরু হয়। এ সময় ৫০০ টাকার অকটেন বিতরণ করা হলেও কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে অতিরিক্ত অকটেন দাবি করেন। তবে হেমন্ত চাকমা সরকারি নির্দেশনা মেনে অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানান। এতে ওই যুবকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে দুপুরে মহাজন পাড়া এলাকায় দুপুরের খাবার খেতে এটি হোটেলে গেলে ওই যুবকরা হেমন্ত চাকমাকে সেখান থেকে বের করে লাঠিসোঠা দিয়ে হামলা চালিয়ে হাত ভেঙ্গে দেয়। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরটিভি/এসএস