images

দেশজুড়ে

কেন্দ্র পরিবর্তনের দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৮:৪০ পিএম

ভোলার মনপুরা উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষায় মন্ত্রণালয় ঘোষিত কেন্দ্র পরিবর্তন করে কাছাকাছি কেন্দ্র নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। এর কারণ হিসেবে এসএসসি পরীক্ষার্থীরা দীর্ঘ ২০ কিলোমিটার দূরত্বের পথ, যানবাহন ও গণপরিবহন সংকট, ঝুঁকিপূর্ণ যাতায়াত, হোটেল-রেস্তোরা বা মেয়ে পরীক্ষার্থীদের নিরাপদ আবাসন ব্যবস্থা না থাকাকে উল্লেখ করেছেন।  

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১ টায় মনপুরা প্রেস ক্লাবের সামনে হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আসন্ন ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন ঘোষণা অনুযায়ী হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ে। 

আরও পড়ুন
EV007

বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে যে সিদ্ধান্ত নিলো সরকার

তবে নির্ধারিত পরীক্ষা কেন্দ্র উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে হওয়ায় পরিক্ষার্থীদের নিরাপত্তা, নিরাপদ যাতায়াত ও নিরাপদ অবস্থানের স্বার্থে নিকটবর্তী মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র পুনঃনির্ধারনের দাবি জানান পরীক্ষার্থীরা। 

এছাড়াও উপজেলার চতুর্পাশে নদীভাঙ্গন রোধে বেড়িবাঁধ ও ব্লকিংয়ের কাজ চলমান থাকায় ঝূঁকিপূর্ণ যাতায়াতের কারণে দুর্ঘটনায় প্রাণহানির শংকা রয়েছে বলে জানান তারা। এবং নিরাপদ আবাসিক আবাসন ব্যবস্থা না থাকায় মেয়ে পরীক্ষার্থীদের ঝুঁকির আশঙ্কা তাদের।

তাই হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থীদেরকে নিকটস্থ কোনো বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তারা।

মানববন্ধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরীক্ষার্থীরা বলেন, আমাদের হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে নতুন পরীক্ষাকেন্দ্র ছমেদপুর বাংলাবাজার ২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। গণপরিবহন না থাকায় ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো আমাদের জন্য কষ্টসাধ্য হবে। এ ছাড়া বৈশ্বিক জ্বালানি তেল সংকটের কারণে ইঞ্জিনচালিত যানবাহনের সংকট রয়েছে।   

তাছাড়া নিরাপদ আবাসিক আবাসন ব্যবস্থা না থাকায় মেয়ে পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। এ ছাড়াও মনপুরায় বেড়িবাঁধের কাজ চলমান থাকায় রাস্তাগুলোর বেহাল দশা হওয়ায় প্রাণহানির ঝুঁকি রয়েই যাচ্ছে। 

আরটিভি/এমআই