মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১০:৪০ পিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গোকর্ণঘাট এলাকায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে এ তেল জব্দ করা হয়।
অভিযানে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেনসহ মোট ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে তেল মজুত এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র্যাব সদস্যরাও অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোকর্ণঘাট এলাকায় কিছু দোকানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ মজুতের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো হচ্ছিল। তাই সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বলেন, মুদি দোকান, গ্যারেজ এবং শ্রমিকদের আবাসস্থলে অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেল মজুত করার খবর পায় র্যাব। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অবৈধ মজুত ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমআই