images

দেশজুড়ে

জুলাই হত্যা মামলায় ছাত্রলীগের দুই নেতাসহ কয়েকজনকে অব্যাহতি, যা জানা যাচ্ছে

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৯:৪৯ এএম

হবিগঞ্জের মাধবপুরে জুলাইয়ের হত্যা, হামলা, ভাঙচুর ও নাশকতার একটি মামলায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলগড় গ্রামের শাহজীবাজার দরগা গেট এলাকায় সংঘটিত ঘটনায় গোলাম মোহাম্মদ চৌধুরী বাদী হয়ে প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় হামলা, ভাঙচুর, নাশকতা এবং গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়।

মামলার ৩৩ নম্বর আসামি ছিলেন মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু, যিনি সম্প্রতি জামিনে মুক্ত হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া ১২ নম্বর আসামি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান।

আরও পড়ুন
Anwara

মোবাইল মেরামত না করে দেওয়া নিয়ে অভিমান, অতঃপর...

তদন্ত শেষে মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলোচিত ওই দুই নেতাসহ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও হবিগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক বদরুল হাসান গত ১৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বল্প সময়ে দক্ষতার সঙ্গে তদন্ত সম্পন্ন করা হয়েছে।

তবে অভিযোগপত্রে ওই দুই নেতার পরিচয় নিশ্চিত করা হয়নি। পিবিআই সূত্র জানায়, মাধবপুর থানা থেকে প্রয়োজনীয় পরিচয়-সংক্রান্ত তথ্য না পাওয়ায় এমনটি হয়েছে। অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।

অন্যদিকে, অব্যাহতি পাওয়া আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত বলেন, ঘটনার সঙ্গে জড়িত না থাকলেও আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা নতুন সরকারের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।

তদন্ত কর্মকর্তা বদরুল হাসান বলেন, সবদিক বিবেচনা করেই অভিযোগপত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বাদী না-রাজি দেননি। আমরা আশাবাদী, বিজ্ঞ আদালত এটি গ্রহণ করবেন।

মামলার বাদী গোলাম মোহাম্মদ চৌধুরী বলেন, ফোনে সব কথা বলতে চাই না। পিবিআইয়ের প্রতিবেদনে আমি সন্তুষ্ট। আমি না-রাজি দেব না। বাকি কথা সরাসরি বলব।

আরটিভি/টিআর