images

দেশজুড়ে

চট্টগ্রামে খালে নেমে শিশুর মৃত্যু

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০২:১৫ পিএম

চট্টগ্রামে ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে গোসল করতে নেমে সাকিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৯টায় খালের স্লুইসগেটসংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ দিন বিকেলে খেলার পর খালে জোয়ারের পানিতে দুজন শিশু গোসল করতে নামে। একজন উঠে আসলেও সাকিব নিখোঁজ হয়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে খুঁজতে থাকে। রাতে জোয়ারের পানি নেমে গেলে কাদামাটিতে আটকা অবস্থায় সাকিবের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Rajshahi_Medical_College_Hospital

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাস্থলের পাশের একটি কলোনিতে সাকিব তার পরিবারের সঙ্গে থাকত। তার বাবা পেশায় রিকশাচালক এবং মা দিনমজুর। চার বোনের একমাত্র ভাই ছিল সাকিব। বোনদের মধ্যে একজন তার ছোট, আর বাকিরা বড়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আরটিভি/টিআর