বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৫:২২ পিএম
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই পরিবার গ্রামছাড়া হওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আমিন ও তার ভাই আব্দুল মুমিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিবেশী নাজিম উদ্দিন ও তার সহযোগীরা। হামলায় আব্দুল মুমিন এবং আব্দুল আমিনের ছেলে সিয়াম হোসেন আহত হন।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা পরিবারের অন্য সদস্যদের ওপরও চড়াও হলে তারা প্রাণ বাঁচাতে পাশের বাড়ি নুরুল হকের ঘরে আশ্রয় নেন। কিন্তু সেখানেও হামলা চালানো হয় এবং নুরুল হকের ঘরবাড়িও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পাশের সুলেমানপুর ও আনন্দনগর গ্রামের শতাধিক লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে এ সুযোগে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল আমিন ও আব্দুল মুমিনের বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ দলিল, একটি ইঞ্জিনচালিত নৌকা ও গরু-বাছুর লুট করে নিয়ে যায়।
এছাড়া বুধবার (৮ এপ্রিল) আব্দুল আমিনের প্রায় ৫ বিঘা কৃষিজমিতে হাঁস ছেড়ে দিয়ে ধান নষ্ট করার অভিযোগও আনা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।
ঘটনার পরদিন সোমবার (৬ এপ্রিল) আব্দুল আমিন বাদী হয়ে নাজিম উদ্দিনসহ ১২ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নাজিম উদ্দিন, তার ছেলে জসিম উদ্দিন, ওয়াসিম মিয়া, শামিম মিয়া, সাকিল মিয়া, সুলতান মিয়ার ছেলে তফুর আলম, নুর আলম, তালহা মিয়া, এবং বহিরাগত সাফাতুল মিয়া, তবারক মিয়া, আকাশ মিয়া ও বিকাশ মিয়া।
প্রতিবেশী সুলেমানপুর গ্রামের কয়েকজন জানান, হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেন। তবে তাদের উপস্থিতিতে সরাসরি হামলা না চালালেও হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএম