বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৬:০২ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আবেদীন হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদন্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে সাজাপ্রাপ্ত সকলকে অর্থদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোতালেব হোসেন ও মৃত আইন উদ্দিনের ছেলে রশিদ জামাল।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন- সবুজপুর গ্রামের মৃত আইন উদ্দিন ফকিরের ছেলে আব্দুল লতিফ, মো. সুরুজ মিয়া ও মো. আব্দুল হামেদ। অপর আসামি খোরশেদ আলমকে দোষী প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন মামলার প্রধান আসামি ও মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মোতালেব হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামে জমিজমা নিয়ে জেরে আক্তার হোসেন আবেদীনের সাথে আসামিদের বিরোধ ছিল। ওই বিরোধের জেরে ২০০৭ সালে ২২ মে রাত সাড়ে ৮টার দিকে সবুজপুর গ্রামের একটি মাদ্রাসার পাশে আবেদীনকে ডেকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করে আসামিরা। পরে চিৎকার শুনে আবেদীনকে আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেয়ার পথে এবং মৃত্যুর আগে আহত আবেদীন পরিবারের সদস্যদের পুরো ঘটনা খুলে বলেন।
এ ঘটনায় নিহতের সন্তান সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ৪ জনের নামে এবং ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার জানান, মামলার আসামি রশিদ জামাল ও খোরশেদ আলম ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়ে ঘটনার দায় স্বীকার করে । এছাড়াও স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন আদালত।
আরটিভি/এসএস