বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৯:৫৮ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিরোধপূর্ণ জমিতে আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকলেও তা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে রুহুল আমিন গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (৮ এপ্রিল) বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পক্ষ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা জেলার কোতয়ালী থানার বাসিন্দা শরিফ হোসেন (৩৫) দাবি করেন সিরাজদিখান উপজেলার ব্রজেরহাটি মৌজার একটি জমি দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে রয়েছে। উক্ত জমির খতিয়ান ও দাগ নম্বর উল্লেখ করে তিনি মালিকানা দাবি করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে মুন্সীগঞ্জ আদালতে একটি মামলা (পিটিশন মামলা নং- ৭৩৯/২৫) বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার প্রেক্ষিতে আদালত থেকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেওয়া হলেও বিবাদীপক্ষ তা অমান্য করে ওই জমিতে প্রবেশ করে নির্মাণকাজ শুরু করে।
অভিযোগে আরও জানা গেছে, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে বিবাদীপক্ষ লোকজন নিয়ে এসে জোরপূর্বকভাবে সীমানা প্রাচীর ও অন্যান্য স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগীকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএম