images

দেশজুড়ে

বকশীগঞ্জ থেকে অপহৃত মাদরাসাছাত্রী নরসিংদীতে উদ্ধার 

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ১১:৩২ পিএম

জামালপুর বকশীগঞ্জ থেকে অপহৃত মাদরাসাছাত্রীকে (১২) নরসিংদী থেকে উদ্ধার করেছে র‍্যাব-১৪। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার ছাত্রীটি বকশীগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে র‍্যাব-১৪ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

আরও পড়ুন
‍sylt

জাফলংয়ে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ, দীর্ঘদিনের ভোগান্তির অবসান

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসায় যাতায়াতের পথে জামালপুর জেলার বাসিন্দা মো. রোমান মিয়া (২০) ও তার সহযোগীরা মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত এবং প্রলোভন দেখাত। গত ৩০ মার্চ সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তায় গেলে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে জোর করে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৫ এপ্রিল বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই র‍্যাব-১৪ (সিপিসি-১, জামালপুর) ছায়াতদন্ত শুরু করে এবং অপহরণকারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১৪ এবং র‍্যাব-১১ এর যৌথ টিম নরসিংদী জেলার মাধবদী থানার গদাইর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকেই অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া ভিকটিমকে ইতোমধ্যে নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মূল অভিযুক্ত রোমান মিয়াসহ অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএম