বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৪:৪৭ পিএম
ময়মনসিংহের ভালুকায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সিডস্টোর ও হবিরবাড়ী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাব-১৪-এর এক যৌথ অভিযানে মেসার্স এন এন এন্টারপ্রাইজ এবং মীম এন্টারপ্রাইজকে এ দণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিডস্টোর ও হবিরবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে খুচরা বিক্রেতা ও ভোক্তাদের মাঝে অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় ময়মনসিংহ র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার লুৎফা বেগমসহ র্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা নগদ জরিমানা করা হয়েছে। পাইকারি বাজার সিন্ডিকেট ভাঙতে এবং দাম সহনীয় রাখতে প্রতিটি বাজারে নিয়মিত অভিযান চলবে।
আরটিভি/এমএম