images

দেশজুড়ে

শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে হত্যা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৪:৫২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. শামীম নামের এক আওয়ামী লীগের নেতাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধের কাছে এ ঘটনা ঘটে। 

নিহত মো. শামীম (৪০) সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়।

জানা গেছে, শামীম সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুকের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এ ছাড়া পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ আলীর শ্যালক তিনি।

নিহতের ভাই মোহাম্মদ সেলিম জানিয়েছেন, গতকাল তার ভাই স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি এসে তার ভাইকে সেখান থেকে ডেকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। এরপর বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করে। প্রায় ১৫ দিন আগে এলাকার ইরান নামের এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিবাদ হয়েছিল। এ বিবাদ থেকে এ ঘটনা ঘটতে পারে।

স্থানীয় একজন ছাত্রলীগ নেতা বলেন, ‘শামীম ভাই কোনো পদে ছিলেন না। তবে ফারুক ভাইয়ের সঙ্গে থাকতেন। স্থানীয় রাজনীতিতে তার আধিপত্য ছিল। ৫ আগস্টের পরেও তিনি বাড়িতে থাকতেন। তার বোনজামাই পৌরসভা বিএনপির প্রভাবশালী নেতা। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে তিনি খুন হয়ে থাকতে পারেন।’

আরও পড়ুন
mns

ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরটিভি/এসএস