বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৬:১৩ পিএম
ময়মনসিংহ বন বিভাগের উথুরা রেঞ্জের আঙ্গারগাড়া বিট অধিনস্থ এলাকায় অভিযান চালিয়ে তিনটি করাতকল সিলগালা ও একটি ভেকু (এস্কাভেটর) জব্দ করেছে স্থানীয় বন বিভাগ ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে বন বিভাগ এ অভিযান চালায়।
স্থানীয়সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া মৌজায় সিএস ১২৬ দাগে বনভূমি থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে একটি চক্র ভূমির শ্রেণি পরিবর্তন করে মাটি বিক্রি করছিলেন। এমনকি অবৈধভাবে করাতকল বসিয়ে গজারি ও আকাশমনি চেরাই করে বনের সাজানো বাগান ধ্বংস করেছেন। এমন অভিযোগ পেয়ে স্থানীয় বন বিভাগ ও উপজেলা প্রশাসন এ অভিযান চালান।
অভিযানে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও ৩টি করাতকল সিলগালা করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আঙ্গারগাড়া বিট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ভেকু ও করাতকল সিলগালা করা হয়েছে এবং বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, বন বিভাগের দাবিকৃত জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেকুটি জব্দ করা হয়েছে এবং অবৈধ তিনটি করাতকল সিলগালা করা হয়েছে।
এ ধরনের পরিবেশবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে ভবিষ্যতেও অভিযান চলবে জানান কমিশনার ইকবাল।
আরটিভি/এমএম