শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ১১:০২ এএম
ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জেলা সদরের সালান্দর এলাকার বেলতলা নামক স্থানে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি একজন টাইলস কোম্পানির কর্মচারী বলে জানা গেলেও এখন পর্যন্ত কারও পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বেলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় বিআরটিসি বাসের হেলপার এবং পিকআপের চালক ও আরও একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএম