images

দেশজুড়ে

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ০৪:০৩ পিএম

এসএসসিসহ দেশের সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সাথে পরীক্ষায় নকল প্রতিরোধেও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

আরও পড়ুন
Ctg009

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে হঠাৎ দেবে গেল চট্টগ্রামের সড়ক, অতঃপর...

কেন্দ্র সচিবদের ফোন নম্বর ট্র্যাকিংয়ের আওতায় আনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে সারা দেশে একক প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। স্কুলের বাইরে কোচিং করালে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে, স্কুলের ভেতরে কোচিংয়ের জন্য আলাদা সম্মানীর ব্যবস্থা করতে পারবে কর্তৃপক্ষ।

এছাড়া, খাতা মূল্যায়নে নিয়মিত স্যাম্পলিং করা হবে এবং কোনো প্রতিষ্ঠানে পাশের হার শূন্য হলেও এমপিও বাতিল করা হবে না বলে জানান তিনি। সভায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। এসময় শিক্ষকরাও তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন, সচিব প্রফেসর ড. এ.কে.এম . সামছু উদ্দিন আজাদ,পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী উপস্হিত  ছিলেন ।

আরটিভি/এমএম