images

দেশজুড়ে

পলাতক ডাকাত ধরতে কৃষকের ছদ্মবেশ নিলেন পুলিশ, অতঃপর...

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ০৬:৩৫ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় এক পলাতক ডাকাতকে গ্রেপ্তার করতে অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে পুলিশ।  

কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে কাওছার শেখ (৩৫) নামের ওই ডাকাতকে গ্রেপ্তার করেন পুলিশের এএসআই আতাউর রহমান। খালি গায়ে লুঙ্গি পরে ফসলের মাঠ থেকে তাকে গ্রেপ্তারের পর থেকে তিনি প্রশংসায় ভাসছেন।
 
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার কাওছার শেখকে ফরিদপুর আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাসামদিয়া মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে।

আরও পড়ুন
chuadanga_0010

চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা, ৩ জনকে জেল-জরিমানা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলা, এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করতেন কাওছার শেখ। পৌর এলাকার একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 

মামলার পর থেকে দীর্ঘদিন ধরে কাওছার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশের বেগ পেতে হচ্ছিল। পরে কৃষকের ছদ্মবেশে তাকে গ্রেফতার করেন এএসআই আতাউর রহমান।

বিয়য়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ফসলি মাঠে অবস্থান করছেন কাওছার। পুলিশের পোশাক দেখলে তিনি পালিয়ে যেতেন। এজন্য এএসআই আতাউর রহমান লুঙ্গি পরে, খালি গায়ে কৃষকের ছদ্দবেশে কাওছারকে গ্রেপ্তার করেন। আতাউরের বিষয়টি প্রশংসাযোগ্য। পরে কাওছারকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/এমআই