images

দেশজুড়ে

নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ১০:২৬ এএম

নরসিংদীর মাধবদীতে একটি কুলখানি অনুষ্ঠানে তবারক নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদী থানার ভগিরথপুর গ্রামের হাজী লাল মিয়া মোল্লা উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫)। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট ও শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি উপলক্ষে ভোজের আয়োজন করা হয়। জুমার নামাজের আগেই ভগিরথপুরসহ আশপাশের এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ বিদ্যালয়ের ফটকের সামনে জড়ো হন।

নামাজ শেষে ফটক খুলে দেওয়া হলে ভেতরে প্রবেশের জন্য হুড়োহুড়ি শুরু হয়। এ সময় ধাক্কাধাক্কিতে অনেকে মাটিতে পড়ে যান এবং পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা কবির জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন
DOG

দিঘির ঘাটে কুমিরের মুখে কুকুর, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার জানান, কুলখানি অনুষ্ঠানের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি এবং ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত অবগত নন।

আরটিভি/এসকে