শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ১২:৫১ পিএম
জয়পুরহাটের ক্ষেতলালে তুলসীগঙ্গা ইউনিয়নের সাঁতার গুচ্ছগ্রামে জমির ধানক্ষেতে আশুরা (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার সাবেক স্বামী বাবলু মিয়াকে (৫১)। তিনি একই গ্রামের মো. মোফাজ্জল ওরফে মফের ছেলে। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৮ টার দিকে আটিদাশা মৌজার সাঁতার গুচ্ছগ্রাম সংলগ্ন সিরাজুল ইসলামের জমির ধানক্ষেতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আশুরা বাবলু মিয়ার তালাকপ্রাপ্ত স্ত্রী বলে জানা গেছে। বাবলুর তিনজন স্ত্রী ছিল, যার মধ্যে আশুরা ছিলেন তৃতীয়। ডিভোর্সের পর আশুরা আদালতে নারী শিশু ও যৌতুকের মামলা দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) বাবলু তার তালাকপ্রাপ্ত স্ত্রী আশুরাকে নিয়ে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। স্থানীয় বাজারেও তাদের একসঙ্গে দেখতে পান। ধারণা করা হচ্ছে, ওইদিনই বাড়ির পাশে সন্ধ্যায় সিরাজুল ইসলামের জমিতে আশুরাকে হত্যা করা হয়।
মরদেহ উদ্ধারের সময় নিহতের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন দেখা যায়। ঘটনাস্থল থেকে স্যান্ডেল, গেঞ্জি ও কাদামাখা লুঙ্গি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই বাবলু পলাতক ছিল।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাবেক স্বামী বাবলু মিয়াকে আটক করা হয়েছে।
আরটিভি/এসএস