শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৫:৪৬ পিএম
মানিকগঞ্জে হাম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪ জন শিশু ভর্তি হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) বিভিন্ন হাসপাতাল ঘুরে এ তথ্য জানা যায়।
বর্তমানে জেলার হাসপাতালগুলোতে মোট ৩৯ জন রোগী ভর্তি রয়েছে। এ বছর জেলায় হাম রোগের উপসর্গ দেখা দিয়েছে ১৫৪ জনের।
জানা যায়, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে মোট ৬ জন হাম রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জন এবং চলতি বছরে মোট ৩০ জন হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন। মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালেও গত ২৪ ঘণ্টায় ৫ জন ভর্তি হয়েছেন। বছরে মোট ২১ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৯ জন।
অন্যদিকে, হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় ১ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ বছরে সেখানে মোট ১ জনই আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে সেই ১ জনই চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য-সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাম রোগের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি ও শিশুদের টিকাদান নিশ্চিত করা জরুরি। অভিভাবকদের সন্তানদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জেলায় পর্যাপ্ত পরিমাণ হামের টিকা রয়েছে।
আরটিভি/টিআর