শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৬:২৪ পিএম
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১১ জন শ্রমিকের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় নদীর মুক্তারপুর সেতুর পশ্চিম পাশে প্রায় ৫০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে।
নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী আওয়াল নামের ইটবোঝাই ট্রলারটি নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকা থেকে মুন্সীগঞ্জের দিকে আসছিল। পথে, একটি যাত্রীবাহী লঞ্চ অতিক্রম করার সময়, নদীতে সৃষ্ট ঢেউয়ের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই নদীতে তলিয়ে যায়।
পরে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌপুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রলারে থাকা ১১ জন শ্রমিককে পানি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা উদ্ধার তৎপরতা শুরু করি। ট্রলারে থাকা সব শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরটিভি/টিআর