শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৬:২৫ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে। শনিবার (১১ এপ্রিল) র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র পর্যালোচনায় দেখা যায় যে, গ্রেপ্তারকৃত রক্সি দীর্ঘ দিন ধরে সোনারগাঁও এর পার্শ্ববর্তী এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং পথচারী ও ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত।
এ ছাড়া টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহের শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করতো। সাধারণ মানুষের জমি দখল এবং স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে মোটা অংকের চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপহরণ, মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং চুরিসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত সে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮ টি মামলার রেকর্ড পাওয়া গিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরটিভি/এমআই