শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৯:১০ পিএম
কুমিল্লার বুড়িচং-এর ডাকলাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী ওমর ফারুকের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে সোনার গহনা ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগীর মা রমুজা বেগম বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালে এক লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে ওমর ফারুক ও জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে ওমর ফারুক দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং নিয়মিত পরিবারের ভরণপোষণের জন্য অর্থ পাঠিয়ে আসছিলেন।
অভিযোগে আরও বলা হয়, গত দেড় বছর ধরে গৃহবধূ জান্নাতুল ফেরদৌস মোবাইল ফোনে টিকটকের মাধ্যমে চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের আনিসুর রহমানের সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে পরকীয়ায় রূপ নেয়।
গত ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জান্নাতুল ফেরদৌস তিন ভরি সোনার গহনা (প্রায় ৬ লাখ টাকা মূল্য), নগদ ২ লাখ ৫ হাজার টাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী নিয়ে আনিসুর রহমানের সঙ্গে অজ্ঞাত স্থানে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
পালানোর সময় তিনি বড় ছেলে (৫)-কে ঘুমন্ত অবস্থায় রেখে ছোট ছেলে (২)-কে সঙ্গে নিয়ে যান। পরে আত্মীয়-স্বজনের মাধ্যমে ছোট সন্তানকে তার বাবার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে বড় সন্তান দাদির কাছে এবং ছোট সন্তান নানার বাড়িতে অবস্থান করছে।
এ বিষয়ে প্রবাসী ওমর ফারুক মুঠোফোনে জানান, আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার দুই সন্তান মা-হারা হয়ে গেল। একজন রেমিট্যান্সযোদ্ধা হিসেবে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত জান্নাতুল ফেরদৌসে ও আনিসুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার বেলাশর সিনেমা হল-সংলগ্ন এলাকায় আনিসুর রহমানে বাড়ি এবং তার পিতার নাম মো. ইউনুস।
এস আই দেলোয়ার হোসেন পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/টিআর