রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৪:৪৪ পিএম
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে হবিবুর রহমান নামের এক কৃষককে হত্যা দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)। তারা সবাই হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা। তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
মামলার বিবরণে তিনি আরও জানান, হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কৃষক শুক্কুর আলীর জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে ২০১২ সালের ১৪ অক্টোবর বিকেলে শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে ২০-২৫ জন দা, ফালা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের দখলীয় জমিতে প্রবেশ করে ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়।
খবর পেয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারসহ তাদের বাড়ির লোকজন বাধা দিতে গেলে আসামিরা দা, ফালা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে নুরুন্নাহার, তাঁর নানী সুফিয়া খাতুন, মামা হবিবুর রহমান ও খলিলুর রহমানকে রক্তাক্ত জখম করে। এ সময় নুরুন্নাহারের বাড়িঘর কুপিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে এবং ঘরে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় আসামিরা।
পরে বাড়ির লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় নুরুন্নাহার বাদী হয়ে শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীসহ ২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা-চেষ্টার মামলা করেন। মামলা ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নুরুন্নাহারের মামা হবিবুর রহমান মারা যান। এরপর, পুলিশ তদন্ত শেষে হত্যা মামলার চার্জশিট দাখিল করে।
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করে এই রায় ঘোষণা করেন। বাকি ২০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
আরটিভি/টিআর