রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৪:৪৯ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের সিংহের মাঝিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১২ এপ্রিল) সকলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আটপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পাশে অবস্থিত মো. খোকন মাঝি ও মো. আনোয়ার হোসেনের দোচালা টিনের দুটি রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। রান্নাঘরে শুকনো লাকড়ি বেশি পরিমাণে সংরক্ষিত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একইসঙ্গে বৈদ্যুতিক তারে শকসার্কিটের ঘটনাও ঘটে। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় এবং আশপাশের বেশ কয়েকটি বসতঘর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রান্নাঘরে থাকা শুকনো লাকড়ি ও দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরটিভি/এমএম