রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৬:৪০ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ৬টি ব্যারেলে ভর্তি ১,২০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার মৌতলা ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসতিয়াক আহমেদ অপু। এ সময় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনসহ সেনা ও র্যাব সদস্যদের একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিজিএফআই-এর দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের বাড়ি ও গুদামে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে তার বাড়ি ও গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৬টি ব্যারেলে থাকা ১,২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ছাড়া আরও ১৬টি খালি ব্যারেল উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসতিয়াক আহমেদ অপু অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ইসতিয়াক আহমেদ অপু বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/টিআর