images

দেশজুড়ে

ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ১১:৩৬ এএম

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায়; পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে সড়কের পাশে খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। একইসঙ্গে দুমড়ে মুচড়ে গেছে পিকআপটি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন যাত্রী, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী বাঙ্গি ভর্তি পিকআপের সঙ্গে ফরিদপুর থেকে বরিশালগামী শাহফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়া, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পিকআপে থাকা দুই বাঙ্গি ব্যবসায়ীর। তাদের নাম মো. জাহাঙ্গীর মোল্লা (৩২) ও আলমগীর শেখ (৫০) বলে জানা গেছে । তারা দুজনই ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকার বাসিন্দা। 

আরও পড়ুন
BD

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

আরটিভি/এসএইচএম