সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৪:২২ পিএম
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওহিদুল ইসলামের মুরগির ঘর থেকে মেছোবাঘটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, রোববার সন্ধ্যার পর ওহিদুল ইসলামের মুরগি রাখার ঘরে মেছোবাঘটি ঢুকে পড়ে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাঘটিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের লোকজনকে মেছোবাঘটি রেসকিউ করার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, প্রাণীটির প্রকৃত নাম মেছো বিড়াল (Fishing Cat)। কিন্তু অনেক এলাকায় এটিকে মেছোবাঘ নামেও ডাকে। বাঘ নামে ডাকার কারণে শুধু শুধু আতঙ্ক ছড়িয়েছে। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই প্রাণীটি বিচরণ রয়েছে। জলাভূমি আছে এমন এলাকায় বেশি দেখা যায়। প্রাণীটি জলাভূমির মাছ, ব্যাঙ, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। জনবসতি স্থাপন, বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।
জোহরা মিলা আরও বলেন, ২০০৮ সালে মেছো বিড়ালকে বিপন্ন প্রাণী প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)। তাছাড়া বন্যপ্রাণী আইন-২০১২ অনুযায়ী এই প্রজাতি সংরক্ষিত। তাই এই প্রাণীটি হত্যা বা এর কোনো ক্ষতিকরা শাস্তিযোগ্য অপরাধ।
আরটিভি/এমএইচজে