সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৭:১৪ পিএম
ঢাকার ধামরাইয়ে বেসরকারি তিনটি হাসপাতালে অনিয়মের অভিযোগে অর্থদণ্ড ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কালামপুর এলাকায় তিনটি হাসপাতালে এসব অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি।
উপজেলা প্রশাসন জানায়, দুপুরের দিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় অ্যাপোলো ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। এছাড়া পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল নামে আরেকটি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ নিয়ে অভিযোগের জেরে সেটি সিলগালা করা হয়। এছাড়া কক্ষটি বিশুদ্ধকরণ করাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে জানিয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহমেদুল হক তিতাস, ধামরাই থানার পুলিশসহ প্রশাসনের কর্মীরা।
আরটিভি/এমএইচজে